পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল মিশ্র। ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল হতে পারেননি পারভেজ হোসেন ইমন, তবে বল হাতে কার্যকর ছিলেন মুস্তাফিজুর রহমান।


লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে নেমে পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১৪ রান করেন। ইনিংসে একটি ছক্কা হাঁকালেও বড় কিছু করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।


রাইলি মেরেডিথের বলে ক্যাচ তুলে আউট হয়ে থামতে হয় তাকে।

অন্যদিকে, একই ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন এই বাঁহাতি পেসার। তার স্লোয়ার ডেলিভারিতে আউট হন ইরফান খান।


ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স তোলে ৬ উইকেটে ১৯৯ রান। ফখর জামান ৩৯ বলে ৫৩ রান এবং হাসিবউল্লাহ খান অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমেন শুরুটা ভালো করলেও পরে ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট হয়ে ৬৯ রানের বড় ব্যবধানে হারে দলটি।